
ফাইল ছবি
চিকিৎসায় অবহেলার কারণে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে- এ অভিযোগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিরুদ্ধে মামলা করবে তার পরিবার।
এ জন্য মঙ্গলবার মাঝরাতে সিঙ্গাপুর রওয়ানা দেন দেলোয়ারের স্ত্রী ও দুই ছেলে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে দেলোয়ারের ছেলে খোন্দকার আবদুল হামিদ রাত ১১টায় জানান, সঙ্গে তার বড় ভাই ড. খোন্দকার আকবর হোসেন এবং তাদের মা যাচ্ছেন।
খোন্দকার আবদুল হামিদ ডাবলু ও ড. খোন্দকার আকবর এবং তাদের মা সায়েরা হোসেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১২টায় রওয়ানা দেন।
যাওয়ার আগে আবদুল হামিদ বলেন, “আমার বাবা চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে মারা গেছেন। সেজন্য আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে সিঙ্গাপুরের আদালতে একটি সিভিল ও একটি ক্রিমিনাল মামলা ফাইল করতে যাচ্ছি।”
সিঙ্গাপুরে আইনজীবীরা মামলার কাগজপত্র ইতিমধ্যে তৈরি করেছেন বলে জানান তিনি।
গত ১৬ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তার মরদেহ ঢাকায় আনার পর ১৭ মার্চ ডাবলু চিকিৎসার অবহেলায় তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। এরপর থেকে দেলোয়ারের পরিবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়।
আব্দুল হামিদ বলেন, “চিকিৎসায় যে অবহেলা করা হয়েছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে।”
৪ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে।



