স্বাতক সম্মানকে প্রকৌশল ডিগ্রি করার দাবিতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের শিক্ষার্থীদের অনশন চলছে।
অনশনের চতুর্থদিন মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এরমধ্যে ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিভাগটির ৩০/৩৫ জন ছাত্রছাত্রী শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনশন করে আসছে।
হাসপাতালে ভর্তি রয়েছেন- সাদেকুর রহমান, তামান্না আক্তার, আব্দুর রহমান, শামছুল হক, এমরান মিয়া, তুষার খান, স্বপন, আতিক, আব্দুল হাকিম, রানা আহমেদ, শিপন, নুরুন্নবী সিদ্দিকী, সজিব, হুমায়ন, ইমরান, আলমগীর, মোর্শেদা আক্তার, ফ্লোরা আক্তার, মনির, রাহাত আলম।
অপর অসুস্থদের অনশনস্থলে স্যালাইন দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত ছাত্র আবদুল্লাহ আল হাদী।
এদিকে বিকালে ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্যের একটি দল অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
ছাত্রনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর বসুমত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ম. ইব্রাহীম, বিপ্লবী ছাত্রমৈত্রী সভাপতি আব্দুর রউফ ও ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম।
এর আগে গত ২০ মার্চ একই দাবিতে তারা টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন করে। কর্মসূচির তৃতীয় দিন ২২ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে টেলিকনফারেন্সের পর তারা অনশন প্রত্যাহার করে।
ওইদিন তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন মেনন।
ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন, ২০ জন হাসপাতালে
পাঠকের মন্তব্য



