বাংলাদেশের পাশাপাশি আগরতলায়ও পালিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার আগরতলার নজরুল কলা ক্ষেত্র মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো দুই বাংলায় সমান জনপ্রিয় এ কবির লেখা গান, গীতিনাট্য এবং বিদ্রোহী কবিতাপাঠ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অনীল সরকার।
উপস্থিত বক্তারা বলেন, নজরুল এমন এক কবি, যিনি বাংলা সংস্কৃতির সাহিত্য, সংগীত, নাটক ও চলচ্চিত্রের সব শাখাকে করেছেন সমৃদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত নজরুলভক্ত পূর্ব দীঘল বলেন, “নজরুলের ১১৩তম জন্মদিন উৎসব আমি খুবই উপভোগ করেছি। এটি ছিল একটি তথ্যপূর্ণ অনুষ্ঠান। এখানে এসে তার সম্পর্কে আমি অনেক নতুন তথ্য জানতে পেরেছি।
বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো দুই বাংলায় নজরুলের জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেন এই ভক্ত।
১৮৯৯ সালের ২৫ মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল।
কবির আরেক ভক্ত রূপালী ভট্টাচার্য বললেন, কবি তার লেখনির মাধ্যমে দেশ স্বাধীন করার প্রেরণা যুগিয়েছেন। আজ এ কারণেই আমরা স্বাধীন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নজরুলের কবিতা এবং গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি বাংলাদেশের জাতীয় কবি।



