৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একটি পদের বিপরীতে ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
চাকুরির জন্য এক লাখ ৬৩ হাজার ৬১০ জন আবেদনকারীর মধ্যে শুক্রবার প্রাথমিক বাছাই পরীক্ষায় (প্রিলিমিনারি) এক লাখ ৪১ হাজার ৪৬৫ জন অংশ নেন বলে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে।
এবার দেশের ছয়টি বিভাগীয় শহরের ১১০টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ২৬ জানুয়ারি ২ হাজার ১০৮টি শূন্য পদ পূরণের জন্য ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে পিএসসি।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দীন জানান, এবার ৮৬ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে কিনা সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেন নি। এ ব্যাপারে তিনি বলেন, “সকল কেন্দ্র থেকে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে কিনা।”
এর আগে পিএসসি জানিয়েছিল পরীক্ষাকেন্দ্রে কারো কাছে মোবাইল ফোন এবং যে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।



