চলতি শিক্ষাবর্ষে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোতে একাদশ শ্রেণীতে প্রায় ৬১ হাজার আসন খালি থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোট আসন সংখ্যার বিপরীতে এসএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কম বলে জানান এই বোর্ডের কলেজ পরিদর্শক সরদার আকবর আলী।
সরদার আকবর আলী শুক্রবার বলেন, বরিশাল বিভাগে সরকারি ও বেসরকারি মোট ২৫৬টি কলেজ রয়েছে। এরমধ্যে সরকারি ২০টি এবং বেসরকারি ২৩৬টি।
এসব কলেজে উচ্চ মাধ্যমিকে মোট আসন সংখ্যা এক লাখ ১২ হাজার।
এবার এসএসসিতে সব বিভাগ মিলিয়ে পাশ করেছে ৫১ হাজার ৩২২ জন শিক্ষার্থী। ফলে ৬০ হাজার ৬৭৮টি আসন খালি থেকে যাবে।
এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ৫৯০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৫ জন।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার বলেন, শিক্ষার্থীরা গ্রামের তুলনায় নগরীর কলেজগুলোতে ভর্তি হতে আগ্রহী বেশি থাকে। তাই গ্রামের অনেক কলেজ শিক্ষার্থী পায় না।
এবার নতুন করে কোটা বাড়ানো হবে না। কোনো কলেজ নির্ধারিত ১৫০ আসন করে তিন বিভাগে মোট সাড়ে চারশ’র বেশি শিক্ষার্থী ভর্তি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।



