BANGLA SURE রাসায়নিক পদার্থ মিশিয়ে পাকানো ৩,২৬৪ কেজি আম আটক করেছে বিএসটিআই, ডিসিসি ও ভ্রাম্যমান আদালত।
এ সময় একজনকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজধানীর কারওয়ানবাজারের সোনারগাঁও আড়ত থেকে আমগুলো আটক করা হয়।
অভিযানে ছিলেন বিএসটিআইয়ের অ্যাসিস্ট্যিান্ট ডিরেক্টর এসএম আবু সাঈদ ও কেএম আবু হানিফ, ডিসিসির ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিীন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. আসাদ দল।
রোববার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। অভিযান শেষে দুপুর ১২টায় এসএম আবু সাইদ সাংবাদিকদের বলেন, ‘আম পরীক্ষা করে আমরা মানবদেহের জন্য ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড পেয়েছি। বিশ ধরনের আম পরীক্ষা করে শুধু ল্যাংড়া আমে এই পদার্থ পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘এখন ল্যাংড়া আম পাকার সময় নয়। কাঁচা আম এনে ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর পর বিক্রি করা হচ্ছে।’
আবু সাঈদ আরও বলেন, ‘আমাদের অভিযান চলবে। কীভাবে কাঁচা আম হলুদ করা হয় সে বিষয়ে আগামীকাল আমরা অভিযান চালাব।’
কারওয়ানবাজারের সোনারগাঁও আড়ত থেকে আমগুলো আটক করা হয়। আড়তের মালিক বাবুল পালিয়ে গেছেন। তবে সেখান থেকে সর্দার আব্দুল হামিদকে গ্রেপ্তার করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আমগুলো ট্রাকে করে আমিন বাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বুলডোজার দিয়ে সেগুলো নষ্ট করা হবে।



