জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেল ৫টায় তাঁর গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাত ২টায় বিএনপির প্রেস উইং সায়রুল কবীর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ, ৫ জুনের হরতাল ও সর্বশেষ রাজনীতি পরিস্থিতি সম্পর্কে বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
দলের নেতাকর্মী ও সমর্থকদের চাঙ্গা এবং জনগণকে হরতালে সম্পৃক্ত করতেই খালেদা জিয়া এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
উল্লেখ, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে ক্ষমতাসীন দল ও সরকারের উদ্যোগের প্রতিবাদে ১ জুন সংবাদ সম্মেলন ডেকে ৫ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এর আগে গত ৩১ মে গণভবনে সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সুপ্রিম কোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেন। ওই দিন রাতেই বিরোধী দল বিএনপি চার দলীয় জোটের শরিকদের সঙ্গে জরুরি বৈঠক করে হরতালের সিদ্ধান্ত নেয়।



