তারেক-কোকো সঠিক শিক্ষা পায়নি বলে তারা আজ দুর্নীতিবাজ হয়েছে। ২১ আগস্টের ঘটনার সাথে যদি তারাই জড়িত থাকে অবশ্যই তাদের বিচার হবে। একথা জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজধানীর জয়কালী মন্দির রোডের রাম সীতা মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বিরোধী দলের দেয়া কর্মসূচী সম্পর্কে বলেন, যতই কর্মসূচী দেন না কেন জনগন তা প্রত্যাখ্যান করবে। মুফতি হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী তারেককে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। কোনো কর্মসূচী দিয়েই তা ঠেকাতে পারবেন না বলেও জানান আইন প্রতিমন্ত্রী।
কামরুল ইসলাম আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দঘন এই দিনে কিছু লোক হরতাল ডেকে তাদের আনন্দ থেকে বঞ্চিত করছে। যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে।
অলোচনা সভায় রাম সীতা মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, ৭৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী।



