দিনাজপুর থেকে আনিস হোসেন দুলাল:
হৃদরোগ চিকিত্সায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন একের পর এক সাফল্যের ধাপ বেয়ে উপরে এগিয়ে চলছে৷ ইতিমধ্যে এই হাসপাতালের চিকিত্সা সেবা কার্যক্রম দেশে প্রশংসিত হয়েছে৷ সাফল্যের ধারাবাহিকতায় এই হাসপাতালে ৫০ তম রোগীর হার্টের রক্তনালীতে সফলভাবে রিং (স্ট্যান্টিং) বসানো হয়েছে৷
১৯৯২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জাতীয় মানের কার্ডিয়াক স্পেশালাইজড হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার দিনাজপুরে প্রতিষ্ঠা লাভ করে৷ এর পর থেকে প্রতিষ্ঠানটি কার্ডিয়াক (হৃদরোগ) রোগীদের সফলভাবে চিকিত্সা সেবা দিয়ে আসছে৷ এরই ধারাবাহিকতায়, এই হাসপাতলে গত ৯ সেপ্টেম্বর বগুড়া জেলার সদর থানার সেউজগাড়ী এলাকার মৃত গৌর গোপাল-এর স্ত্রী শ্রীমতি সন্ধ্যা রানী(৬০) রক্তনালীতে সফল ভাবে রিং বসানো হয়েছে৷
রোগী সন্ধ্যা রানীর আত্মীয়-স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন৷ চিকিত্সকরা তাকে দ্রুত রক্তনালীতে অপারেশনের পরামর্শ দেন৷ পরিবারের সদস্যদের মতামতের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা রানীকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়৷
সেখানে কর্তব্যরত চীফ কনসালটেন্ট ডাঃ হাসনাইন নান্না তার করোনারী এনজিওগ্রাম করে দেখতে পান হার্টের রক্তনালী ব্লক হয়েছে৷ চিকিত্সকের পরামর্শ অনুয়ায়ী ৯ সেপ্টেম্বর তার হার্টের রক্তনালীতে একটি রিং বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়৷
এব্যাপারে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের কর্তৃপক্ষ জানান, এই অপারেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ৫০ জন রোগীর হার্টের রক্তনালীতে রিং বসানো হলো৷ বর্তমানে সন্ধ্যা রানী হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন৷ ইতিপূর্বে এখানে ব্লক হওয়া কিডনীর রক্তনালীতেও সফলভাবে রিং বসানো হয়৷
সকল স্তরের জনগণের আন্তরিকতা ও সহযোগীতা পেলে এ অঞ্চলের হৃদরোগীদের সকল ধরনের চিকিত্সার জন্য আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না এবং স্বল্প খরচে রোগীরা চিকিত্সা সেবা নিতে পারবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন৷



