তিন বিভাগীয় শহর সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে ওই তিন বিভাগীয় সদর ছাড়াও বগুড়া ও ফেনিতে জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে আয়োজিত চার দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
ঘণ্টাব্যাপী বক্তৃতার শেষ পর্যায়ে খালেদা জিয়া জানান, আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রোড মার্চ করবে বিএনপি ও চার দল। পরদিন ১১ অক্টোবর সিলেটে জনসভা করবে তারা। এরপর ১৮ অক্টোবর ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করবে রোড মার্চ বহর, ওই দিন বগুড়ায় ও পরদিন ১৯ তারিখে রাজশাহীতে জনসভা হবে।
এ দ্ইু কর্মসূচি শেষে ২৫ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশে রোডমার্চ শুরু হবে। একই দিন ফেনিতে ও পরদিন ২৬ তারিখে জট্টগ্রামে জনসভা আয়োজন করা হবে।
প্রতিটি রোডমার্চ ও জনসভায় খালেদা জিয়া শরিক হবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিকেল পাঁচটার পরপরই প্রধান অতিথি হিসেবে বক্তৃতা শুরু করেন খালেদা জিয়া।
এর আগে দুপুর দু’টার পর শুরু হওয়া জনসভাস্থলে খালেদা জিয়া এসে পৌছান বিকেল পৌনে চারটার দিকে।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভা শুরু হয়।



