বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে বেপরোয়া লুটপাট করছে। তারা দেশের কোনও উন্নয়ন করতে পারেনি। তাই জনগণ এখন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।
মঙ্গলবার সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গতকাল সিলেট আসার সময় বিভিন্ন পথসভায় যে মানুষের গণজোয়ার দেখেছি, মানুষের যে মুখের ভাষা শুনেছি, সেই ভাষা প্রতিবাদের ভাষা। তাদের চোখে মুখের ভাষায় ফুটে উঠেছে তারা এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরও বলেন, মহাসমাবেশে যোগ দিতে রাজধানী ঢাকার সব মানুষ সিলেটে চলে এসেছে। তাই গতকাল ঢাকা ফাঁকা ছিল। আজ সিলেটে মানুষের গণজোয়ার, সেই জোয়ারে সিলেট নগরী অচল হয়ে গেছে।
আব্বাস বলেন, সিলেটের এই পবিত্র মাটি থেকে আমরা ঘোষণা করতে চাই আমরা এই সরকারের পতন ঘটাবো।



