খুলনা থেকে বাবুল আকতারঃ
আইন,বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, সরকার দেশে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ৭১ এর ঘাতকদের বিচার করতে যাচ্ছে৷ এটা কোন রাজনৈতিক প্রতিহিংসা নয়৷
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি মামলার সুষ্ঠ তদন্তদের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে৷ সকালে খুলনা জেলা জজ আদালত প্রাঙ্গণে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন৷
তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায় এবং সকল আদালতে মামলাজট কমে যায় তার জন্য বিচারকার্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে৷
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বিচার বিভাগের ওপর কোনরকম হস্তক্ষেপ করতে চায় না৷ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান প্রজন্ম ৭১’র ঘাতকদের বিচার দেখতে চায়৷ এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই৷ প্রতিমন্ত্রী খুলনার কয়রা উপজেলা সহকারী জজ আদালত সংস্কার যদি ৩০ লাখ টাকায় সম্ভব হয় তবে তিনি তা একমাসের মধ্যে বরাদ্দের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব আশীষ রঞ্জন দাস৷ বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক৷
অন্যান্যদের মধ্যে বতৃতা জেলা জজ জিএম সালাহ উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আসাদুজামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাসুদ হোসেন রনি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপুল৷
আলোচনা শেষে প্রতিমন্ত্রী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷ ১২তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণে প্রায় ১৭কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ ২০১৪ সালের জুনের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে৷
পরে প্রতিমন্ত্রী বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আইনজীবীদের সাথে পৃথকভাবে মতবিনিময় সভায় যোগ দেন



