খুলনা থেকে, বাবুল আকতার
খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তাহের(৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এসময় আহত হয়েছেন ভ্যানচালক নুর আলমসহ ৭জন৷ আজ দুপুরে এ দূর্ঘটনা ঘটে ৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে বেলা আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০৮৪৬)একটি বাস৷ বেলা তিনটার দিকে ফুলবাড়িটের পুরাতন মাইল এলাকার পূর্ব পাশ্বের খান ফিলিং ষ্টেশনের কাছে পৌছালে নিটল টাটার গ্যারেজ থেকে একটি ট্রাক মহাসড়কের দিকে উঠতে থাকে৷ ওই ট্রাকটিকে সাইড দিতে গিয়ে ঈগল পরিবহনের বাসটি পার্শবর্তী একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খায়৷ এসময় বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে রাস্তার অপর পাশ্বের ডোবায় পড়ে যায়৷
তবে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী এসময় বাসটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন৷ নিহত আবু তাহের দৌলতপুর থানাধীন সাহেবপাড়া এলাকার বাসিন্দ৷ তিনি মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের একজন শ্রমিক৷
এ ঘটনায় ভ্যান চালক নুর আলম সহ ৭জন বাসযাত্রী আহত হয়৷ আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর খুলনা-যশোর মহাসড়কের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়৷
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে৷



