ময়মনসিংহ থেকে মনোনেশ দাসঃ
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কোনো খাদ্য সঙ্কট নেই। খাদ্যের জন্য মানুষের মাঝে হাহাকার নেই। নেই কোনো দুর্ভিক্ষ।
তিনি বলেন, এ সরকার সুনির্দিষ্ট কর্মসূচি দিয়ে দুর্ভিক্ষ আর মঙ্গা মোকাবেলা করেছে।
শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাপ) আয়োজিত আঞ্চলিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
খাদ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, গত তিন বছরে দুর্ভিক্ষ বা মন্দার উপর মিডিয়ায় কোনো খবর আসেনি। মঙ্গার পদধ্বনি রংপুরের মানুষ শুনেনি। আমরা ও.এম.এস, ভি.জি.এফ ও বিনামূল্যে খাবার দিয়ে মঙ্গা মোকাবেলা করেছি।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাপ) ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসনের সাংসদ প্রিন্সিপাল মতিউর রহমান। অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন টঙ্গি পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ।



