নৌ পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের জন্য চালকদের বিরুদ্ধে আর ৩০২ ধারায় মামলা হবে না। এখন মামলা হবে ৩০৪ এর (খ) ধারায়।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহন মালিক-শ্রমিক নেতারা অংশ নেন।
মন্ত্রী বলেন, চালকরা মানুষের পাশাপাশি পণ্য পরিবহন করে দেশের অর্থনীতকে সচল রেখেছে। তারা জনগণের সেবক হিসেবে কাজ করছেন। ইচ্ছাকৃতভাবে তারা দুর্ঘটনা ঘটান না।
রাস্তা ও যান্ত্রিক ত্রুটি, সরকারি সঠিক পরিকল্পনার অভাবসহ নানা কারণে দুর্ঘটনা ঘটে। কিন্তু এসব দুর্ঘটনার কারণ উদঘাটন করা হয় না, এমনকি তদন্ত কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হয় না।
মন্ত্রী বলেন, বাহাত্তর সালে ছাত্রজীবন শেষ করে আমি পরিবহন শ্রমিকদের সাথে কাজ করছি। তাদের সাথে কাজ করতে গিয়ে আত্মহুতি দিতেও পিছপা হবো না। আমাদের তুচ্ছ ভেবে ঘৃণা করে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবেন না।
বিনা পরীক্ষায় ২৪ হাজার লাইসেন্স দেওয়া হচ্ছে এমন সংবাদ প্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন জেলার শ্রমিক নেতৃবৃন্দ যাদের যোগ্য মনে করে লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করেছে, তাদের মৌখিক পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়া হচ্ছে।
চ্যালেঞ্জ ছুড়ে মন্ত্রী বলেন, পরীক্ষাবিহীন কাউকে লাইসেন্স দেওয়ার কথা প্রমাণ করতে পারলে ক্ষমা চাইবো। আপনারা চাইবেন কি-না, সেটা আপনাদের ব্যাপার।
মন্ত্রী জানান, দেশে ৭ লাখ ৪২ হাজার ৪০০ গণপরিবহনের বিপরীতে চালক দরকার ৯ লাখ। বিপরীতে আছে মাত্র ৬ লাখ ৬৪ হাজার ৬৮৬ জন। প্রশিক্ষণের জন্য বিআরটিসির ২৫টি এবং বেসরকারি ৫২টি প্রতিষ্ঠান আছে, সেখানে ১০ হাজার করে প্রশিক্ষণ নিতে পারে। প্রতি বছর ৪০ হাজার গণপরিবহণ রাস্তায় নামে, তাহলে এতো প্রশিক্ষিত শ্রমিক আসে কোথা থেকে?
তিনি বলেন, গ্রামে খাদ্যাভাবে থাকা ছেলেরা ঢাকায় এসে গাড়ি চালায়। আমরা চাই তাদের প্রশিক্ষণ দেওয়া হোক। তিনি প্রশ্ন রাখেন, শিক্ষিত ভাইয়েরা আপনাদের কতজনের ড্রাইভার শিক্ষিত?
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ওসমান আলীর সঞ্চালনায় সমাবেশে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, আব্দুর রহিম দুদু, আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সুজা আবুল হোসেন, সড়ক পরিবহন ফেডারেশনের নেতা আব্দুল ওয়াদুদ, বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে হাজার হাজার মালিক-শ্রমিক দাবির সমর্থনে মিছিল নিয়ে মহাসমাবেশ স্থলে যোগ দেন।



