খুলনা থেকে বাবুল আকতার:
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক গাজী আব্দুল হালিম (৪৫)আজ বিকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন৷
জানা গেছে, চেয়ারম্যান গাজী আব্দুল হালিম দিঘলিয়া উপজেলা পরিষদের কার্যক্রম শেষে বিকাল ৩টার দিকে নিজ মোটর সাইকেলযোগে চন্দনীমহলের বাড়ির উদ্দেশে রওয়ানা হন৷
পথিমধ্যে গোয়ালপাড়া তেঘড়ি নামক স্থানে কার্লভাটের কাছে পৌঁছলে ওঁত্ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে৷ মাথা, শরীর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন৷ এ সময় তার ড্রাইভার নুরুও গুলিবিদ্ধ হয়৷
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এলাকাবাসী তাত্ক্ষনিক ভাবে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ পরে সন্ধ্যায় আশংকজনক অবস্থায় তাকে যশোর সম্মলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এ দিকে তাকে দেখার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে দেখতে যান খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক হুইপ এস এম মোসফা রশিদী সুজা, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন এমপি, জেলা প্রশাসক মোঃ জমসের আহম্মেদ খন্দকার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর৷
এ ছাড়া খবর পেয়ে আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকে হাসপাতালে ভীড় জমায়৷ তবে পুলিশ এ ঘটনার কারন এখনো জানতে পারেনি৷ এ পরিস্থিতিতে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বর্তমানে চরম আতংকে রয়েছে৷



