আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে সরকারের এখনই দল, জোট ও মন্ত্রিপরিষদের পুনর্মূল্যায়ন করা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কিছু কিছু নেতার জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে। অগণিত নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা অন্য কোনো কিছুর জন্য এই আত্মত্যাগ করেনি।
অনেকে বলছেন, সময় শেষ হয়ে এসেছে। আমি বলবো, সময় শেষ হয়নি। এখনো দুই বছর বাকি আছে। আত্মত্যাগী নেতা-কর্মী, দল-জোট এবং কেবিনেটের পুনর্মূল্যায়ন করতে হবে, যোগ করেন সুরঞ্জিত।
মন্ত্রিসভার পুণর্মূল্যায়ন করে দেশের সাধারণ মানুষ ও ভোটারদের আকাঙ্খা পূরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ত্যাগী নেতাকর্মীদের পুনর্মূল্যায়ন ও মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে এর আগেও নিজের দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। আগে তিনি দলের সভাপতিমণ্ডলিতে নীতি নির্ধারণী ভূমিকায় থাকলেও বিগত কাউন্সিলে তাকে রাখা হয় উপদেষ্টা পরিষদে।
সুরঞ্জিত বলেন, সংকট অতিক্রম করতে দূরদর্শীতা ও দক্ষ নেতৃত্বের দরকার। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর (শেখ হাসিনা) এই গুণ আছে। আশা করি, নেত্রী অতীতের মতো এবারো সকল সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।



