সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত শুরু করার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার মহাখালীতে সেতু ভবন পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাতে যোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথামতোই পিপিপির ভিত্তিতে যত দ্রুত পদ্মা সেতুর কাজ শুরু করা যায়, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে শেখ হাসিনা শনিবার পিপিপির মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কথা বলেন।
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর মূল অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তাদের অর্থায়ন স্থগিত করেছে; যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো দুর্নীতি হয়নি।
পদ্মা সেতু নিয়ে জটিলতার মধ্যে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়ার পর গত সপ্তাহে দায়িত্ব নেওয়া ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে তা তাদেরই তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে, কারণ এ অভিযোগ সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশের জন্য দুর্নাম।
সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নিজেও অপকর্ম করবো না, অপরকেও করতে দেবো না। সাফল্যের কৃতিত্ব যেমন সবার, ব্যর্থতার দায়ও সবাইকে নিতে হবে।
মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু ঝুঁকিপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, এরমধ্যে মেঘনা সেতু বেশি ঝুঁকিতে রয়েছে, তাই সেখানে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে ওভার লোড কন্ট্রোল মেশিন বসানো হবে।
গোমতী ও কাঁচপুর সেতুর সংস্কার কাজ চলছে বলেও জানান তিনি।



