বিএনপির রোববারের গণমিছিল সোমবার

Print This Post Email This Post

মিছিল-সমাবেশে মহানগর পুলিশের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রাজধানীর গণমিছিল রোববারের পরিবর্তে সোমবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তবে দেশের বিভাগীয় শহরগুলোতে গণমিছিল রোববারই করবে দলটি। বাধা পেলে তা পরদিন করা হবে।

শনিবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান বিএনিপর মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে।

আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের সহনশীলতাকে যেন সরকার দুর্বলতা মনে না করে, যোগ করেন তিনি।

বিএনপি গণমিছিলের তারিখ বদলানোর পর রোববার জনসভা না করার কথা জানায় আওয়ামী লীগও। তবে তাদের জনসভা কবে হবে, তা ঠিক হয়নি।

শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকের পর চারদলীয় জোট নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ২৯ জানুয়ারির গণমিছিল পূর্বঘোষিত ছিলো। কিন্তু আওয়ামী লীগ ২৭ জানুয়ারি পরিকল্পিতভাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। তখনই আমরা নিশ্চিত হয়েছিলাম সরকার এই অজুহাতে গণমিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ঢাকা ছাড়া অন্যান্য জেলায় গণমিছিলে রোববার বাধা এলে তা সোমবার করা হবে বলে জানান ফখরুল।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা ও চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।

চারদলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলাম কর্ম-পরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, আবদুল্লাহ মো. তাহের, নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সিনিয়র সহসভাপতি আবদুর রকীব, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত চার দলকে জানানো হয়।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: