বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, চাঁদপুর-লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের পর উচিৎ ছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা। তা না করে তিনি দু:খপ্রকাশ করেছেন। পদত্যাগ করলেই বোঝা যেত তিনি আসলেই দু:খ পেয়েছেন।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ভাসানী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গণমিছিলে বাধা ও ১৪৪ ধারা জারি করে বিএনপির কোন ক্ষতি হয়নি বলে মন্তব্য করে মওদুদ বলেন, ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, সরকারের।
তিন বছরে সরকার যতো ভুল করেছে এর মধ্যে এটি হলো সবচেয়ে বড় ভুল উল্লেখ করে তিনি বলেন, বাকি যে ক’টা দিন তারা ক্ষমতায় থাকবে একের পর এক ভুল করেই যাবে। কারণ, এ সরকার এখন আর স্থির নয়, অস্থির। নানারকম ব্যর্থতায় তারা এখন কোন সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না। আর তাদের জনসমর্থন এখন যেখানে নেমেছে হাজার চেষ্টা করেও এ জনসমর্থন আর ফিরিয়ে আনতে পারবে না।
ভাসানী ফ্রন্টের মমতাজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন ইসলামীক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, সম্মিলিত ওলামা পরিষদ নেতা আলমগীর মজুমদার প্রমুখ।



