এতিমখানা মামলায় শুনানি ১৮ মার্চ নতুন তারিখ ধার্য

Print This Post Email This Post

খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানা দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৮ মার্চ নতুন তারিখ ধার্য করেছে আদালত।

বিরোধী দলীয় নেতা খালেদা বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর বিশেষ জজ আদালত-৩ এ হাজির হয়ে সময় চেয়ে আবেদন করলে বিচারক মোজাম্মেল হোসেন তা মঞ্জুর করে শুনানির নতুন তারিখ দেন।

বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন অভিযোগ গঠনের শুনানি মুলতবির জন্য সময় চেয়ে আবেদন করেন। আর খালেদা আদালত কক্ষে হাজির হন ১১টা ৪০ মিনিটে।

আইনজীবীদের ভিড় ডিঙিয়ে তাকে আদালতে প্রবেশ করাতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের। বিরোধী দলীয় নেতা আদালত কক্ষে প্রবেশ করার পর বিচারক মামলার কার্যক্রম শুরু করেন। বিচারক মোজাম্মেল হোসেন আদেশ দেন এর সাত মিনিটের মাথায়।

খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেনে মওদুদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন, মোশাররফ হোসেন কাজল।

খালেদা জিয়ার আবেদনে বলা হয়, ২০১০ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট এ মামলাটি স্থগিত করে দিয়েছিল। কিন্তু গত বছরের ১৪ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। খালেদা জিয়া হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন। এ কারণে তার সময় প্রয়োজন।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রমনা থানার এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট ছয় জনকে। ২০০৯ সালের ৫ অগাস্ট দুদক আদালতে অভিযোগপত্র দেয়।

এতে বলা হয়, এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংকের মাধ্যমে এতিমখানার জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মামলার আসামিরা।

এ মামলার অপর আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। শেষ দুই জন এ মামলায় পলাতক রয়েছেন।

খালেদা জিয়া হাইকোর্টে এ মামলা বাতিলের আবেদন করলে আদালত গত ১৪ ডিসেম্বর তা বাতিল করে দেয়। ফলে বিচারিক আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।

জিয়া এতিমখানা মামলায় সর্বশেষ ২০০৯ সালে ৫ অগাস্ট বিচারিক আদালত হাজির হয়েছিলেন খালেদা জিয়া।

বৃহস্পতিবার এ মামলার শুনানিতে অংশ নেওয়ার পর মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় জহুরুল হকের আদালতে যান খালেদা জিয়া। সেখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের ওপর শুনানি চলছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সকালে আদালত প্রাঙ্গণে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা শ্লোগান দেন- খালেদা জিয়া, ভয় নাই।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: