গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৯ ও ৩০ জানুয়ারি পুলিশের গুলিতে চার দলীয় ঐক্যজোটের পাঁচ কর্মী নিহত হওয়া ও বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলার ঘটনায় নাগরিক তদন্ত কমিটি গঠন করেছেন বিরোধীদলের নেতা খালেদা জিয়া।
সোমবার বেলা পৌনে ১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি গঠনের কথা জানান।
তিনি বলেন, বিএনপি মনে করে এ ঘটনা দেশের মানুষের কাছে আরো পরিষ্কার হওয়া প্রয়োজন। সেদিন পুলিশ যে ভূমিকা নিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই এ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ঘটনা দেশের মানুষের কাছে তুলে ধরবে বিএনপি।
৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটিতে রয়েছেন সুপ্রীম কোর্ট বার কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেন, প্রফেসর আব্দুল মান্নান মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, অবসর প্রাপ্ত বিচারক আবু তালেব ও অ্যাডভোকেট হাফিজুর রহমান।



