বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো কোনো খেলা স্পট ফিক্সিং করে থাকতে পারেন, এই সন্দেহে একজন পাকিস্তানিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা প্রধান মেসবাহউদ্দিন সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, করাচির বাসিন্দা সাজিদ খান ঢাকায় আসেন ১০ ফেব্রুয়ারি। চট্টগ্রামে বিপিএলের খেলা শুরু হওয়ার পর থেকে তার ওপর নজর রাখা হচ্ছিল।
চট্টগ্রামে বিপিএলের খেলা হয় ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
তার গতিবিধি ছিল খুবই সন্দেহজনক এবং তাকে আমরা চট্টগ্রাম থেকে অনুসরণ করতে থাকি, বলেন সেরনিয়াবাত।
তিনি বলেন, পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমরা তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের সফররত কর্মকর্তার কাছে নিয়ে যাই।
খেলোয়াড়দের সাজঘরের ওপর ভিআইপি গ্যালারি থেকে খেলা দেখেন সাজিদ। প্রতিটি ছক্কা মারার পর পর তিনি পাকিস্তানে টেলিফোন করেন বলে সেরনিয়াবত জানান। তিনি বলেন, কয়েকবার তিনি খেলোয়াড়দের সাজঘরেও ঢোকার চেষ্টা করেছিলেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিন সপ্তাহ আগে অভিযোগ করেন যে, সাবেক একজন ক্রিকেটার তাকে স্পট ফিক্সিংর প্রস্তাব দিয়েছিলেন।



