চট্টগ্রাম নয় সেমিফাইনালে যাচ্ছে বরিশাল

Print This Post Email This Post

রোববার খেলা শেষের পর সেমিফাইনালে ওঠার উল্লাস ছিল বরিশাল বার্নাসের, কিন্তু পরদিন বিকালেই তাতে জল ঢেলে দিয়েছিলেন বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি সোমবার সন্ধ্যায় জানালেন, বরিশাল নয়, সেমিফাইনালে যাচ্ছে চট্টগ্রাম কিংস। এক্ষেত্রে বাইলজ অনুযায়ী মুখোমুখি খেলার ফলে বরিশালের পিছিয়ে থাকার কথা তুলে ধরেন তিনি।

কিন্তু গভীর রাতে বিপিএল টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকের পর পরিচালনা পর্ষদ আবার সিদ্ধান্ত বদলায়।

এবার জানায়, চট্টগ্রাম কিংস নয়, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল বার্নার্স। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মধ্যরাতের এই সিদ্ধান্তের বিষয়ে চট্টগ্রাম কিংস সংবাদ সম্মেলনে ডেকেছে। সকাল ১১টায় রূপসী বাংলা হোটেলে এই সংবাদ সম্মেলন হবে।

চট্টগ্রাম কিংসের মিডিয়া ম্যানেজার আতিক আজম বলেন, সংবাদ সম্মেলনেই দলের পৃষ্ঠপোষকরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

চট্টগ্রামের এস কিউ গ্রুপ এই দলটির মালিক, যে গ্রুপের অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপ।

গভর্নিং কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলবে বরিশাল বার্নার্স।

পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে শীর্ষ দল হিসেবে দুরন্ত রাজশাহী এবং দ্বিতীয় দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গলস সেমিফাইনালে উঠেছে।

তাদের পেছনে থাকা তিন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নার্স ও চট্টগ্রাম কিংসের পয়েন্ট সমান হওয়ায় সেমিফাইনালে কোন দুই দল যাবে, তা নিয়ে জটিলতা চরম আকার ধারণ করে, যদিও রোববার বরিশাল সেমিফাইনালে ওঠা উদযাপন করেছিল।

গাজী আশরাফ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের বলেন, হেড টু হেড হিসেবে বাদ পড়ে গেছে বরিশাল বার্নার্স। প্রথম সেমিফাইনালে খেলবে দুরন্ত রাজশাহী ও চট্টগ্রাম কিংস।

১০ পয়েন্ট করে থাকা তিন দলের নিজেদের মধ্যে খেলায় সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

বরিশাল বার্নার্স (০.১৭৮) ও চট্টগ্রাম কিংস (০.০৭৮) নিজেদের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে, সে জন্য রান রেটের হিসেবে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে খেলবে বার্নার্স, বলা হয় সর্বশেষ বিজ্ঞপ্তিতে।

সোমবার বরিশালকে বাদ দেওয়ার ক্ষেত্রে বাইলজের ২১ এর ৮ এর দুই নম্বর উপধারার কথা জানিয়ছিল বিপিএল কর্তৃপক্ষ। ওই ধারায় বলা হয়, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে তাদের মধ্যকার খেলায় বেশি জয় পাওয়া দল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে। আর জয় সমান হলে তবেই আসবে রান রেটের হিসাব।

ওই সময় বিপিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফ বলেন, এই তিন দল নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে গ্ল্যাডিয়েটর্স জিতেছে তিনটি ম্যাচ, কিংস জিতেছে দুটি ম্যাচ আর একটি জয় পেয়েছে বার্নার্স।

সোমবার গ্ল্যাডিয়েটর্স ও রয়েল বেঙ্গলস জিতে গেলে কিংসকে টপকে রান রেটে বার্নার্সের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল, বলেছিলেন তিনি।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: