দুর্নীতি দমন কমিশন (দুদক) যাদের দুর্নীতি পরায়ণ বলে অভিযোগ করবে তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। তা না হলে দুর্নীতি কমবে না। সেই সঙ্গে তাদের বিচারের আওতায় আনাও কঠিন হয়ে পড়বে। এ মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, অনেক সময় বিচারকদের সদিচ্ছা থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। এতে করে দুর্নীতিবাজরা আরো দুর্নীতি করতে উৎসাহিত হবে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার করণে দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এ বিষয়ে আইন প্রণেতাদের মুখ্য ভূমিকা রাখতে হবে যাতে বিচার দ্রুত হয়।
তিনি বলেন, আমাদের বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। দুদক নামক একটি প্রতিষ্ঠানের পক্ষে সব দুর্নীতি নিরসন করা অসম্ভব। এর জন্য দেশের সকল গণমাধ্যম ও জনগণকে জেগে উঠতে হবে।
তিনি আরো বলেন, জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি। তাদের কথা রাজনীতিকরাও শুনতে বাধ্য। তাই জনগণকে জেগে উঠতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এর আগে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী একটি র্যালি বের হয়। র্যালিটি কাকরাইল-বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. বদিউজ্জামান, এম সাহাবুদ্দিন, সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এমএইচ সালাউদ্দিন প্রমুখ।



