আইএসআইয়ের কাছ থেকে বিএনপির অর্থ নেওয়া সম্পর্কিত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ না দিলে অধিবেশনে ফিরবে না বলে জানিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দলের এই অবস্থানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমরা স্পিকারকে বলতে চাই, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কুরুচিপূর্ণ-অশ্লীল কথা-বার্তা এবং আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়া সম্পর্কে সংসদ নেতাসহ তার সহকর্মীদের মিথ্যা বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার না করা পর্যন্ত বিরোধী দল আর সংসদে ফিরে যাবে না।
১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিল- মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে এমন খবর প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক সভায় এই বক্তব্য তুলে ধরে বিএনপির সমালোচনা করছেন। অন্যদিকে বিএনপি তার ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে।
বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, পাকিস্তানের আইএসআইয়ের থেকে বিএনপি অর্থ নিয়েছে- এ রকম মিথ্যা বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছেন সংসদ নেতা। অথচ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিএনপিকে অর্থ দেওয়ার খবর সঠিক নয়। এটি বানোয়াট ও মিথ্যাচার। এরপরও স্পিকার এই মিথ্যা বক্তব্য এক্সপাঞ্জ করেননি।
বুধবার এক অনুষ্ঠানেও ফারুক বলেন, ওই বক্তব্য বাদ না দিলে বৃহস্পতিবার থেকেই ফের সংসদ বর্জন করবে বিএনপি।
দীর্ঘ ৭৭ কর্মদিবস অনুপস্থিতির পর বিরোধী দলীয় নেতার নেতৃত্বে গত ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেন বিএনপির সাংসদরা। ২২ মার্চ সংসদ অধিবেশন সাত দিনের জন্য মুলতবি করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় আবার বসছে অধিবেশন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী ফোরাম আয়োজিত মানববন্ধনে ফারুক বলেন, সরকার সংবিধানকে তছনছ করেছে। দেশের মানুষের সমস্যার কথা সংসদে বলতে দেওয়া হয় না। সর্বক্ষণ সরকারি দল মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তব্যগুলো কার্যবিবরণী থেকে বাদ না দিয়ে স্পিকার আব্দুল হামিদ নিরপেক্ষতা হারিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
ফারুক বলেন, স্পিকার আবদুল হামিদ নিরপেক্ষ ব্যক্তি নন। সংসদ পরিচালনায় তার নিরপেক্ষতা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে।
খালেদা জিয়াকে জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা এবং রূপসী বাংলা হোটেলে সরকারের নির্দেশে সাংবাদিক শফিক রেহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিলের প্রতিবাদে বিএনপিপন্থী সংগঠন দেশনেত্রী ফোরাম এই মানববন্ধন করে।
ফোরামের চেয়ারম্যান শহিদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আবদুল কাদির তালুকদার দুলু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মানববন্ধনে বক্তব্য রাখেন।



