রিচার্ড লেভির অর্ধশতকের সুবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১২ রানেই থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। জবাবে ১৬ ওভার ৫ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার ৫ বলে শচীন টেন্ডুলকারের সঙ্গে লেভির ৬৯ রানের উদ্বোধনী জুটিই মুম্বাইকে বড় জয়ের ভিত গড়ে দেয়। শুরুতে দেখে শুনে খেললেও ডোয়াইন ব্র্যাভোর বলে ডুগ বোলিঙ্গারের হাতে ধরা পড়ার আগে ঠিক ৫০ রান করেন লেভি। তার ৩৫ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো।
লেভির বিদায়ের পর হঠাৎ করেই চাপে পড়ে যায় মুম্বাই। এক রান পরেই বোলিঙ্গারের বলে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে সহজ ক্যাচ দেন রোহিত শর্মা (০)। নবম ওভারের শেষ বলে আহত হয়ে টেন্ডুলকার (১৬) মাঠ ছাড়লে দলের বিপদ আরো বাড়ে।
তবে অম্বতি রাইডু ও জেমস ফ্রাঙ্কলিনের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। ম্যাচ শেষে ২৫ রানে অপরাজিত থাকা ফ্রাঙ্কলিনের ৩০ বলের ইনিংসে ২টি চার। ১৯ বল হাতে রেখে পাওয়া জয়ে রাইডুর (১৮) অবদানও কম নয়। তার ১৮ বলের ইনিংসে ১টি ছক্কা।
ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে প্লেসিসের (৩) বিদায়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে মুরালি বিজয়ের (১০) ৩৪ ও তৃতীয় উইকেটে ডোয়াইন ব্র্যাভোর (১৯) সঙ্গে ৩৭ রানের দুটি জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সুরেশ রায়না।
দলীয় ৭৫ রানে রায়নার বিদায়ের পর ব্র্যাভো, আলবি মরকেল (৩), অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৪), সুব্রামানিয়াম বদ্রিনাথ (১০), রবীন্দ্র জাদেজা (৩) ও রবীচন্দ্রন অশ্বিন (৩) দ্রত বিদায় নিলে সংগ্রহ বড় করার সুযোগ হারায় চেন্নাই।
মুম্বাইয়ের পক্ষে কাইরন পোলার্ড, লাসিথ মালিঙ্গা ও প্রজ্ঞন ওঝা দুটি করে উইকেট নেন।



