প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন বুধবার

Print This Post Email This Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে বুধবার তুরস্কের আঙ্কারা যাচ্ছেন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসিফ তাইপ এরদোগানের আমন্ত্রণে এ সফরে বাণিজ্য ও কূটনীতিবিষয়ক ৩টি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়ে বলেন, অগ্রবর্তী দলের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার সকালেই তুরস্ক রওনা হয়েছেন।

বুধবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা আঙ্কারার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বাইরে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৫৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছে।

সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির আঙ্কারা এসেনবগা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে আঙ্কারা শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

তুরস্কের প্রধানমন্ত্রী ১২ এপ্রিল শেখ হাসিনাকে তার অফিসে অভ্যর্থনা জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে তুরস্কের সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের পর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এসময় তাদের উপস্থিতিতে সংশ্লিষ্টরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন।

চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সইয়ের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়া এক ভোজসভায় শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের সঙ্গেও বৈঠক করবেন।

শেখ হাসিনা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ পরিদর্শন করবেন।

শেখ হাসিনা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন শীর্ষক বক্তব্য প্রদান এবং তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সংগঠন টিওবিবি’র দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি উন্মোচন এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রবাসীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে। শুধু তুরস্কই নয়, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও শেখ হাসিনার মতবিনিময় করার কথা রয়েছে।

১৪ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদ শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: